বার্সা ছাড়বেন সুয়ারেজ?

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০১:৪৫

বার্সেলোনা ছাড়ার চিন্তা করছেন দলটির উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দল ইন্টার মিয়ামিতে পাড়ি জমাতে পারেন বলে জানাচ্ছে বার্সেলোনা ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও কাতালুনিয়া। তবে আরেক স্প্যানিশ ক্রীড়াদৈনিক মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, সুয়ারেজকে না পেলে তারই জাতীয় দল সতীর্থ এডিসন কাভানিকে দলে টানতে আগ্রহী ক্লাবটি

ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকারে আগামী বছর যাত্রা শুরু করবে। বড়ো অঙ্কের অর্থ খরচ করেই মাঠে নামার প্রস্তুতি নিতে যাচ্ছে তারা। সুয়ারেজকে দলে ভেড়ানোর আগ্রহ তারই একটা অংশ।

আসছে জানুয়ারিতে ৩৩ বছরে পা দিতে যাচ্ছেন সুয়ারেজ। এমন সময়ে ফিটনেসটাও কথা বলছে না তার পক্ষে। মে মাসের শেষে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর খেলতে পারেননি বেশিদিন। চলতি লা লিগার প্রথম ম্যাচেই আবারো চোট পেয়েছেন তিনি। এমন সময়ে এমএলএসের খেলা আর তার আর্থিক ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন খোদ সুয়ারেজও, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। তবে রেডিও কাতালুনিয়ার মতে চলতি দলবদলেই বার্সা ছাড়ার সম্ভাবনা নেই উরুগুইয়ান তারকার। মিয়ামি আগামী বছরের শুরুতে এমএলএসে তাদের যাত্রা শুরু করবে ফলে আসছে জানুয়ারির শীতকালীন দলবদলে দল ছাড়তে চান তিনি, তা সম্ভব না হলে আগামী গ্রীষ্মে হতে পারে তার দলবদলটি।

স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরো জানাচ্ছে, ডেভিড বেকহ্যামের দলটি থেকে চার মৌসুমের চুক্তির প্রস্তাব পেয়েছেন সুয়ারেজ। এ সময়ে এমএলএস ক্লাবটিতে বড়ো অঙ্কের বেতনই উপার্জন করবেন বার্সা তারকা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৪৮ সালের পর সর্ব নিম্ন রানের রেকর্ড ইংল্যান্ডের

এদিকে সুয়ারেজকে শেষমেশ না পেলে যুক্তরাষ্ট্রের ক্লাবটির দ্বিতীয় পরিকল্পনায় আছেন তারই উরুগুইয়ান সতীর্থ কাভানি। তবে ব্যাপারটি এখনো কেবলই পরিকল্পনার স্তরে আছে বলে জানিয়েছে মুন্দো দেপোর্তিভো।

ইত্তেফাক/এসআর