মতলবে যুবকের লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৬:২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

জাহাঙ্গীর কাশিমপুর গ্রামের হাজী বাড়ির মৃত আলী আজগরে ছেলে। তিনি জোড়পুল বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন। আটককৃতরা হলো, ওই গ্রামের মো. লিটন প্রধানীয়া (৪২) ও তার স্ত্রী পারুল বেগম (৩৬)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ি থেকে বিকট শব্দ পাওয়া যায়। শব্দ পেয়ে ঘরের বাহিরে এলে লিটনের ঘরের পাশে জাহাঙ্গীর আলমের দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুটা গোঙ্গানির শব্দ পাওয়া যায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের আরও লোকজন জড়ো হয়। বিষয়টি পুলিশকে জানালে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ওই বাড়ির মো. লিটন ও তার স্ত্রী পারুল বেগমকে পুলিশ আটক করে। 

সরেজমিনে জানা যায়, লিটনের স্ত্রী পারুলের সঙ্গে জাহাঙ্গীর আলমের পরকীয়া সম্পর্ক ছিল। এছাড়াও এরা দু’জন বন্ধু হওয়ার সুবাধে জাহাঙ্গীর আলম প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো।

আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ২

জাহাঙ্গীর আলমের স্ত্রী আসমা বেগম বলেন, ‘লিটন ভাই আমার ছেলেকে বিদেশ নেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২লক্ষ ৪০হাজার টাকা নিয়েছে। আমার ছেলেকে বিদেশও নেয় না এবং টাকাও ফেরৎ দেয় না।’

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য  লিটন ও তার স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে। পরকীয়ার সম্পর্কের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


ইত্তেফাক/এএএম