বরগুনায় ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৮:১৭

বরগুনার আমতলী উপজেলায় ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-আমতলীগামী এমভি ইয়াদ লঞ্চ থেকে বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়াকে (১৬) গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত বিথি ও লামিয়া আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আবদুল খালেক হাওলাদারের মেয়ে। তাদের মধ্যে বিথি আক্তার বিবাহিত। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী সিকদারের ছেলে মিজানুর রহমানের স্ত্রী। মিজানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। 

আরও পড়ুন: থানার ভেতরে সিটে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি, গাড়ি ভাংচুর

আমতলী থানার এসআই ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিথি ও লামিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। মিজানুর তার স্ত্রী বিথি ও শ্যালিকা লামিয়াকে দিয়ে ইয়াবা আনিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছিলো। শনিবার মিজান ওই লঞ্চে ছিলো। অভিযানের সময় কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে রেখে সে পালিয়ে যায়। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিলো।

আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম