মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে আলোকদিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৭ জেলেকে আটক করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ‘ভোর ৬টার দিকে আলোকদিয়া চর এলাকায় অভিযান চালানো হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে ৭ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এক ঘণ্টা অভিযানের পর একটি মাছধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশেপাশে থাকা আরও কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশ বহনকারী স্পীডবোট ঘিরে ফেলে। এরপর নিরাপত্তার কথা ভেবে, পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়।
এই হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে টহল অব্যাহত রাখা হয়েছে। নৌ পুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা এই হামলা করার সুযোগ পেয়েছে। আটককৃত ৭ জেলেকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাকিবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মাগুরায় বিক্ষোভ
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ৫ থেকে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
