জুয়াড়ির ছবি তুলতে গিয়ে সাংবাদিককে পুলিশের হুমকি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:২৪

ঢাকার দোহার উপজেলার গোড়াবন এলাকা থেকে আটককৃত ৮ জুয়াড়িকে সাংবাদিকরা ছবি তুলতে গিয়ে তাদেরকে পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফুলতলা তদন্ত কেন্দ্রের এএসআই মো. সাইমন  এ হুমকি দেন বলে সাংবাদিকরা জানিয়েছেন।  

বুধবার বিকালে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ৭ জুয়াড়ির প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জুয়া খেলা দেখার অপরাধে আরেক ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

আটককৃতরা হলো, মো. লিটন (২৩), আব্দুল করিম (৩৫), মো. স্বপন (৪৫), মো. রাসেল (৩৩), মো. শরীফ (৩৫), মো. সাগর (২৪), মো. জামাল (৩৫) ও শেখ দুলাল (৩৫)।

আরও পড়ুন: কাহালুতে ট্রাক চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিদের ছবি নিতে গেলে দোহার থানার ফুলতলা তদন্ত কেন্দ্রের এএসআই মো. সাইমন বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের ঢাকা দক্ষিণ প্রতিনিধিকে ছবি নিতে বাধা প্রদান করেন। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি ওই সাংবাদিকের উপর চড়াও হয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। ছবি নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি থাকলেও তাতে কোন কর্ণপাত করেননি তিনি। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে দোহার থানার ফুলতলা তদন্ত কেন্দ্রের এএসআই মো. সাইমন বলেন, আদালতের রায়ের পর সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হেফাজতে থাকে। আমি সাংবাদিককে শুধু বলেছি ছবি তুলতে হলে থানায় চলে আসেন।


ইত্তেফাক/এএএম