সড়ক দুর্ঘটনায় নারীর হাত বিচ্ছিন্ন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৪৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ওই নারীর নাম মোছা. মাকসুদা বেগম (৩৫)। তিনি জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের মো. ইমদাদুল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া মা রেজিয়া পরিবহনের যাত্রী ছিলেন মাকসুদা বেগম। তিনি ঢাকায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রী ওই নারীর শরীরের হানা থেকে ডান হাত কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। 

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের পিটুনিতে ৭ বছরের ছাত্রের মৃত্যু

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহজাবিন আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

শজিমেক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী আইসিইউতে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঘটনা বলেছেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি