কুমিল্লার চান্দিনায় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। উপজেলার অধিকাংশ স্কুল ও মাদ্রাসায় সর্ব নিম্ন ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ফি আদায় করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অতিরিক্ত ফিতে দুই ছেলের ফরম পূরণে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন অটোচালক বাবা জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম জানান, ‘আমার দুই ছেলে জাহিদ ও যাবেদ উপজেলার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। আমি অটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলেদের লেখাপড়া করাচ্ছি। তাদের ফরম পূরণে জন্য গেলে প্রধানশিক্ষক আমার দুই ছেলের জন্য ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকার কথা বলেন। আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, এলাকার নেতৃবৃন্দসহ সকলের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ কোন সহযোগিতা করেননি। অবশেষে আজ (বৃহস্পতিবার) আমাকে জানিয়ে দেয়া হয় আমার ছেলেদের ফরম ফিলাপ হবে না। বাধ্য হয়ে আমি ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানাই।’
বিদ্যালয়ের প্রধানশিক্ষক বাবু লাল সরকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা বোর্ডের নির্ধারিত ফি ব্যতিত কোন টাকা নেই না। বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদও বলেন একই কথা।
তবে বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাচ্চু মিয়া জানান ভিন্ন কথা। তিনি জানান, গত ৩০ অক্টোবর আমরা সভা করে পরীক্ষার ফি ২ হাজার, কোচিং ফি ১৫শ এবং উন্নয়ন ফি ৫শ টাকা নির্ধারণ করে সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তেই ফরম পূরণ হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/আরকেজি

