বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের বিরুদ্ধে। গত রবিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রের মা রোমানা বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী বিপ্লব হোসেনের সাথে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের ভাতিজা মুনতাসিম তাওহিদের মারামারি হয়। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক তার ভাতিজার পক্ষ নিয়ে ছাত্র বিপ্লব হোসেনের বাম কানে চড়-থাপ্পড়সহ বেত দিয়ে আঘাত করে। আঘাতের ফলে তার কান ফুলে যায়।
শিক্ষার্থী নির্যাতনের বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক হালিমা খাতুন অভিযোগটি মিথ্যা দাবি করে বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীকে চড়-থাপ্পড় দেওয়ার কোন ঘটনা ঘটেনি। এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জঙ্গি সংগঠন ‘আল্লার দলের’ ৩ সদস্য আটক
এ বিষয়ে শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীকে চড়-থাপ্পড় মারার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএএম

