লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে প্রহরী নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে গভীর রাতে বন্য হাতির আক্রমণে মো. শাহাব উদ্দিন(৫৫) নামে  এক  প্রহরী  নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।

বুধবার সকালে ওই এলাকার শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন ব্রিজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত শাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার হাজীর পাড়ার মৃত নরুল হোসেনের পুত্র এবং কলাউজান এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের পাহারাদার।

জানা গেছে, মঙ্গলবার রাত ২ টার দিকে কলাউজান ইউনিয়নের উক্ত এলাকায় হানা দেয় বন্যহাতির দল। এ সময় ব্রিজের পাহারাদার মো. শাহাব উদ্দিন হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন। 

আরও পড়ুন: পদ্মা সেতুতে বসলো ১৮তম স্প্যান

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার সকালে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে থানার একটি পুলিশি টিম পাঠানো হয়।

উল্লেখ্য, লোহাগাড়ায় লোকালয়ে ঘনঘন বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে। গত ৭ ডিসেম্বর রাতে চরম্বার লোকালয়ে ঢুকে হাতির আক্রমণে মো. নুরুল আলম নামে এক কৃষক নিহত হয়।

ইত্তেফাক/এএএম