মানিকগঞ্জ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:০৬

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় চোর সন্দেহে বৃহস্পতিবার ভোরে বিপ্লব হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গণপিটুনিতে নিহত বিপ্লব হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হানিফ সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ সদরের আটিগ্রাম এলাকার কাটিগ্রাম বাজারে বুধবার রাতে চোর সন্দেহে এক যুবককে বাজারের চার নৈশ প্রহরী গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ভোর রাতের দিকে তিনি মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। নিহত ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে চার নৈশ প্রহরী পাখি মিয়া (৪০), ফজলুল হক (৬৫), দ্বীনবন্ধু বিশ্বাস (৫০) ও আবদুল করিম (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন: 'জঙ্গিবাদ করে দুষ্টুমি করে আমাদের আটকাতে পারবে না'

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং অফিসার নবীন মিয়া জানান, সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিপ্লব নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। তবে বিপ্লব মারা যাওয়ার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ইত্তেফাক/নূহু