চলে গেলেন মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী মাহমুদুর রহমান বেটু। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকারসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে হতাশ মোদির টুইট
এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেটু ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ হামিদুর রহমানের ছেলে।
ইত্তেফাক/এসি

