মাদক পরিবহনে ১৩ কোটি টাকার পণ্য জব্দ বিজিবির

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:১৩

যশোরে আমদানি পণ্য অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইডের গাড়িতে ফেনসিডিল বহনের অপরাধে কাভার্ডভ্যানসহ পুরো আমদানি পণ্যই জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের সহকারীকে। আটক মেহেদী হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার  (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে খবর আসে ভারত থেকে আমদানি পণ্যের আড়ালে মাদক পরিবহণ করা হচ্ছে। আমদানিকারক মেসার্স এমএ ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২২-০২০২) প্রচুর পরিমাণ অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড ও ফেনসিডিল বহন করছিল। বিজিবি নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট থেকে কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: বিপিএল নিয়ে বাজি, ৩৩ জুয়াড়ি আটক

তিনি আরও বলেন, অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড বৈধভাবেই আমদানি করা হয়। তবে আমদানি পণ্যের গাড়িতে একইসঙ্গে মাদক বহন করায় সবকিছুই অবৈধ বলে বিবেচিত হবে। সব মিলিয়ে পণ্যগুলোর মূল্য ধরা হয়েছে ১২ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার দুইশ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।

ইত্তেফাক/এসি