কলকাতায় চলে যাওয়া ৩টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ফিরেছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৪২

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায় তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে তারা চট্টগ্রামে ফিরে এসেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ফ্লাইটগুলো শাহ আমানতে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান  জানান, সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে। কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রামে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে এক বছরে আত্মহত্যাকারী ৩৩৪জন, চেষ্টা করেছে আড়াই হাজারের বেশি

বিমান বন্দর এয়ার ট্রাফিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রথম অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের নভো এয়ারসহ একাধিক ফ্লাইট অবতরণ ও গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায়।

ইত্তেফাক/নূহু