রাজশাহীতে শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার মানু মন্ডল ছেলে সাইদুর ওরফে গ্যাট (৪২) এবং একই এলাকার মো. হাসেনের ছেলে মো. রানা (৩০)। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
জানা যায়, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাফফর হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন রইসুল ইসলাম ও আবু বাক্কার।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার মানও উন্নত করতে হবে: নিক্সন চৌধুরী
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ আগস্ট দুপুরে মাঝি গ্রাম থেকে ফুপুর বাড়ি পাকুড়িয়া যাওয়ার পথে এক শিশুকে তুলে নিয়ে যায় স্থানীয় সাইদুর রহমান ও তার সহযোগী রানা। পরে পালাক্রমে ধর্ষণের পর শিশুটি গলা টিপে হত্যা করে আসামিরা। এরপর শিশুটির লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রাখে তারা। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত।
ইত্তেফাক/আরআই

