শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭

জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসলাম ফকির (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত কিশোর ওই গ্রামের কছিম উদ্দীন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বিকালে উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামের খননকৃত একটি পুকুরে ৫ বছরের এক কন্যা শিশু খেলা করছিল। এ সময় আশেপাশে কেউ না থাকায় আসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি তার চাচাতো বোন দেখে ফেলে তাদের চড়-থাপ্পড় মেরে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটি তার মা-বাবাকে ঘটনাটি খুলে বললে ২৩ ফেব্রুয়ারি তার বাবা বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার শিশুটির দাদী ছানোয়ারা বেগম ও নানী হাওয়া বেগম বলেন, ‘আসলাম নাতনিকে জোরপূর্বক ধর্ষণ করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

আরো পড়ুন: রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২৯ মার্চ

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযুক্ত কিশোর আসলামকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি গ্রহণের পর আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে।’ 

ইত্তেফাক/এএএম