মতলবে ফেসবুকে সরকারবিরোধী ও অশ্লীল ছবি পোস্ট, যুবক আটক

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৯:০০

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হওয়া মোঃ তাজুল ইসলামের (৪২) বিরুদ্ধে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জানা যায়, ফেসবুকে নিজের পেজে তাজুল ইসলাম সরকার দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে এবং অশ্লীল ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয়ভাবে র‌্যাব- ১১ কে জানানো হয়।  সোমবার রাতে  র‌্যাবের একটি টীম দক্ষিণ দিঘলদী গ্রামের জান্নাতি ট্রেডার্সের নিকট থেকে তাকে আটক করে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় আটক তাজুল ইসলামকে মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করে র‌্যাব। সে পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, র‌্যাব-১১ তাকে আটক করে। তার বিরুদ্ধে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়। র‌্যাব-১১ এর ডিএডি মোতালেব আলী এ মামলার বাদী হয়েছেন।

ইত্তেফাক/এমআরএম