নীলফামারীতে ত্রাণের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শ্রমজীবী হাজারো মানুষ। সোমবার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল মেইল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় সদর উপজেলার কুন্দুপুকুর ও চড়াইখোলা ইউনিয়নের নিম্ন আয়ের হাজার হাজার খেটে খাওয়া মানুষ রাস্তায় বসে বিক্ষোভ করলে সড়কে যানজট সৃষ্টি হয়। সড়কের দুই পার্শ্বে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহনসহ র্যাবের ১টি গাড়িও আটকা পড়ে।
প্রায় এক ঘণ্টা পর নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। সরকারের নির্দেশ মানায় আমাদের পেটে ভাত নাই। কতদিন এভাবে চলবো। সরকারের দেয়া ত্রাণ আমরা পাই নাই। আজকে ক্ষুদার জ্বালায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা।
আরো পড়ুন: চাঁদপুরে আরও ২ জনের করোনা শনাক্ত
নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন জানান, দুইটি ইউনিয়নের হাজারও মানুষ ত্রাণের দাবিতে রাস্তায় নামে। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে খুব দ্রুত তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম

