পশ্চিমাঞ্চলে চলবে তিনটি আন্তনগর ট্রেন

৫ জুন আম নিয়ে ঢাকায় যাবে পার্সেল ট্রেন 

আপডেট : ২৯ মে ২০২০, ০৯:২৫

রেল মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আগামী ৩১ মে, রবিবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি আন্তনগর ট্রেন চলাচল করবে। বৃহস্পতিবার (২৮ মে) রেল মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে এসব ট্রেন চলবে। পরে ৩ জুন থেকে পর্যায়ক্রমে ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে বিরতিহীন ‘বনলতা’ এক্সপ্রেস, লালমনিরহাট থেকে ‘লালমনি’ এক্সপ্রেস ও খুলনা থেকে ‘চিত্রা’ এক্সপ্রেস আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

অন্যদিকে আগামী ৫ জুন রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম ও সবজিসহ বিভিন্ন পার্সেল নিয়ে পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে। এ তথ্য জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান টেলিকমিউনিকেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ৩ জুন থেকে মধুমতি, কপোতাক্ষ, রুপসা, নীলসাগর ও বেনাপোল এক্সপ্রেস চলাচল করবে। পরিস্থিতির উন্নতি হলে, আগামী ১৫ জুন থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন স্বাভাবিক নিয়মে চলার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আপাতত সকল ট্রেনের ৫০% টিকেট বিক্রি অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে যাতায়াত করতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে প্রায় দুই মাস আগে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি হিসেবে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে লালবৃত্ত অংকন এবং রেলওয়ে স্টেশনের প্রবেশপথে জীবাণুনাশক গেট নির্মাণ করা হয়। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত এলো।

ইত্তেফাক/এমআর