টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মুক্তিযোদ্ধার সনদপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ১১৮১ জন মুক্তিযোদ্ধার সনদপত্র বাতিল হওয়া মির্জাপুর উপজেলার এই ৯ জন মুক্তিযোদ্ধা এখন থেকে সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সোমবার ( ৮ জুন) উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, রবিবার (৭ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২-এর ৭(ঝ) ধারা মোতাবেক ২০১৯ সালের ২০ ডিসেম্বর সভার ৬৬ তম অধিবেশনে সিদ্ধান্ত অনুযায়ী ১১৮১ জন মুক্তিযোদ্ধার সদনপত্র বাতিল করে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে মির্জাপুর উপজেলার ৯ মুক্তিযোদ্ধার নাম রয়েছেন।
প্রজ্ঞাপনে বিজিবির ১১৩৪ জন এবং বিমান বাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সনদপত্র বাতিলের তালিকায় রয়েছেন, জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে কাজী মাহমুদুর রহমান, আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের শুকুর আলী বেপারির ছেলে মো. ময়সের আলী বেপারি, বহুরিয়া ইউনিয়নের বেতরাসিন গ্রামের খোরশেদ আলীর ছেলে মোঃ. শাজাহান আলী, ওয়ার্শি ইউনিয়নের নতুন কহেলা গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে মোঃ. রবিউল আউয়াল, মর্তুজ আলীর ছেলে আমজাদ হোসেন, বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের এরশাদ আলীর ছেলে কামরুজ্জামান, ওয়ার্শী ইউনিয়নের আউটপাড়া গ্রামের রাহাজ উদ্দীনের ছেলে এ বি এম সিদ্দিক হোসেন, ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোঃ. শহিদুল ইসলাম এবং ওয়ার্শি ইউনিয়নের বরটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ. আব্দুল জব্বার।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ও সাংবাদিক দুর্লভ বিশ্বাস বলেন, মির্জাপুরে সরকারী গেজেটভুক্ত ৮৩২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সরকারী দেওয়া সম্মানী ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। যাদের মুক্তিযোদ্ধা সনদপত্র বাতিল হয়েছে নির্ধারিত সময়ে তারা হয়তো কাগজপত্র দাখিল করতে পারেননি। পরবর্তীতে যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কাগজপত্র দাখিল করতে পারেন তবে সরকার তাদের ব্যাপারে পুনর্বিবেচনা করতে পারেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ. আবদুল মালেক মোস্তাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক মন্ত্রণালয় ১১৮১ জন মুক্তিযোদ্ধার সনদপত্র বাতিল ঘোষণা করে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেছেন। মির্জাপুর উপজেলায় যে সকল মুক্তিযোদ্ধার সনদপত্র বাতিল হয়েছে সরকারী নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসআই

