বেরোবির শিক্ষিকার রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

আপডেট : ১৪ জুন ২০২০, ১৭:৩৮

রংপুর মহানগড়ীর তাজহাট মেট্রোপলিটন থানায় ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে শনিবার রাতে গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা প্রভাষক সিরাজাম মুনিরার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে ওই শিক্ষিকাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম।

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শনিবার রাতে সিরাজাম মুনিরাকে তার বাসা থেকে আটক করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামালের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

রিমান্ড আবেদনের ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত আইসিটি আইনের মামলায় শিক্ষিকা সিরাজাম মুনিরাকে রবিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি। আগামীকাল সোমবার অনলাইন কোর্টে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ বিষয়ে শুনানি হবে।

এদিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারের দায়ের করা এজাহার ওই মামলার সঙ্গে সম্পূরক হিসেবে রাখা হয়েছে বলেও জানান ফাঁড়ি ইনচার্জ।

ইত্তেফাক/এসি