‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই যুবকের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ১৮:০১

করোনামুক্ত ঘোষণার পরদিনই রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামে মনসুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার আগেই রবিবার তাকে সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার (২২জুন) সকালে তার মৃত্যু হয়। 

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা জানান, মনসুর রহমান হৃদরোগী ছিলেন। সে কারণেই তার মৃত্যু হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে। মনসুর রহমান পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের জন্য ৬ জুন রাজশাহী ল্যাবে নমুনা দিয়েছিলেন। কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। নিয়ম অনুযায়ী ১৪ দিন পর তার দ্বিতীয়বার নমুনা পরীক্ষার কথা। কিন্তু তা না করেই তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছিল। 

আরো পড়ুন: করোনা হাসপাতাল হিসেবে সিকদার মেডিক্যাল কলেজের গুলশান শাখার যাত্রা শুরু

এ ব্যাপারে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ‘মনসুরের দ্বিতীয়বার করোনা টেস্টের সময় হয়েছিল। কিন্তু করোনা ল্যাবে নমুনার চাপ থাকায় তার টেস্ট করানো যায়নি।’

ইত্তেফাক/এএএম