বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৩ জুন ২০২০, ২০:৪৫

বগুড়ায় দিনেদুপুরে যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি ফিরোজ ওরফে ফোকরাকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা। গতকাল সোমবার (২২ জুন) নওগাঁ জেলার বদলগাছী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প এ তথ্য জানায়। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের কথা স্বীকার করেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে ফিরোজের দেওয়া তথ্যে বগুড়া সদরের মাটিডালি-বনানী ২য় বাইপাস সড়কের পূর্ব পাশের কর্ণপুর এলাকায় র‌্যাবের দল গিয়ে একটি জঙ্গলের ভিতর থেকে হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে একটি চাকু, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং তিনটি সিমকার্ড জব্দ করে র‌্যাব।

গত ১৪ জুন বগুড়ার সদরের সাবগ্রাম আকাশতারা এলাকায় যুবলীগ নেতা আবু তালেবকে দিনে দুপুরে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরেরদিন তালেবের স্ত্রী বাদী হয়ে ১৫ জুন একটি হত্যা মামলা করেন। এতে ফিরোজ ওরফে ফোকরাকে প্রধান আসামী করা হয়। এ ছাড়া চাঁন ও বাপ্পার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামী করা হয়। চান ও বাপ্পাকে এর আগে ডিবি পুলিশের একটি টীম এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে রক্তমাখা কাপড়ে  গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এসি