করোনায় বন্ধ থাকার একমাস পর লন্ডন-সিলেট ফ্লাইট চালু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:২৪

করোনার কারণে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর লন্ডন-সিলেট ফ্লাইট চালু হয়েছে। সোমবার (১০আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি লন্ডন থেকে  সরাসরি সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানটিতে মোট ১১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ৬৫ জন এবং ঢাকার ৫১ জন।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যে সব যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন, তারা নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। আবার যাদের সার্টিফিকেট নেই, তাদেরকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে।’

বিমানবন্দরে বিমান ও সিভিল এভিয়েশনের প্রতিনিধি ছাড়াও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন: সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

তিনি জানান, বিমানটি এ বিমানবন্দরে এক ঘণ্টা অবস্থানের পর ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায়। একই বিমানে সিলেট থেকে আরও ৩৪ জন যাত্রী ঢাকায় গেছেন।

এদিকে, খাদিম বিআরডিটিআইকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে প্রস্তুত রাখা হয়েছে। যেসব প্রবাসী সেখানে থাকতে অনাগ্রহী তাদেরকে হোটেল ফরচুন গার্ডেনে রাখা হবে। 

ইত্তেফাক/এএএম