মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে ভ্রাম্যমাণ আদালতের ১৪ টিম

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২০:৩৩

মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি টিম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত। 

তাদের সাথে যোগ দেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে সর্তক করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের জন্য সতর্ক করলাম। আগামীকাল বুধবার থেকে মাস্ক ছাড়া সব ধরনের সার্ভিস বন্ধ থাকবে। যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করবো।’

আরও পড়ুন: পুলিশ হেফাজতে ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু, ওসি সাসপেন্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সসর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, জেলা-উপজেলা প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান আকতার হাওলাদার, কাউন্সিলর সৈয়দা সালমাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অপরদিকে মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এর নেতৃতে একইদিন মাদারীপুর সদরের পুরান বাজার, চরমুগুরিয়া বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ছিলেন। 

হাটবাজারে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না তা তদারকি করা হয়। মাস্ক পরা ব্যতীত বিক্রেতা এবং ক্রেতারা আইন অমান্য করে মাস্ক পরিধান না করায় ৭টি মামলায় মোট ৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া কোভিড-১৯ জনিত সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় ও মাস্ক বিতরণ করা হয়।

ইত্তেফাক/এএএম