লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে খারাপ আচরণ করতেন। শুক্রবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে রায়ফুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে মাসুদকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ইত্তেফাক/এএম

