আশুলিয়ায় ৩ দিন পর অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:৫৫

সাভারের আশুলিয়া থেকে অপহরণের ৩ দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় ওমর আলী (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আনিছুর রহমান নামে এক অপহরণকারীকেও আটক করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে আটক অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় শ্যামল ঘোষের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করে আসছিল পোশাক শ্রমিক নুরুল ইসলাম। গত কয়েক দিন আগে ভাড়াটিয়া সেজে একই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন অপহরণকারী আনিছুর রহমান। পরে গত ২৭ আগস্ট প্রতিবেশী আনিছুর শিশু ওমর আলীকে দোকান থেকে খেলনা কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। এরপর মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এমনকি বিষয়টি পুলিশকে জানালে কিংবা মুক্তিপণের টাকা দিতে দেরি হলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় অপহরণকারী আনিছুর রহমান। অনেক কষ্টে অসহায় দরিদ্র শিশুটির পরিবার দুই ধাপে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দিলেও অপহরণকারী দাবিকৃত ২ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। 

আরো পড়ুনঃ করোনার টিকা পেতে রাশিয়াকে চিঠি বাংলাদেশের

এক পর্যায়ে শিশুটির পরিবারের সদস্যরা অপহরণের বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবগত করলে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। কিন্তু অপহরণকারী ঘনঘন স্থান পরিবর্তন করায় তার অবস্থান শনাক্তে বেগ পেতে হয় পুলিশকে। পরে মুক্তিপণের দুই লাখ টাকা অপহরণকারীকে দেয়া হবে এমন শর্তে পরিবারের সহায়তায় ফাঁদ পাতে পুলিশ। এরপর শনিবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অপহরণকারী আনিছুর মুক্তিপণের টাকা নিতে আসলে পুলিশ তাকে আটক করে। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, শিশুটিকে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া অপহরণকারী আনিছুর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে শিশুদেরকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে আসছিলো বলেও জানান তিনি। 

ইত্তেফাক/এমএএম