চুরি হওয়া নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

সাভারের আশুলিয়া থেকে চুরি হওয়া চার মাসের এক শিশুকে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত নাসিমা (৪২) নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার  গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দীপু জানান, গত ৩১ আগস্ট আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় নাসিমা। এঘটনায় শিশুটির বাবা-মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গভীররাতে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার এবং শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নাসিমাকে আটক করা হয়।

শিশুটি উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। নাসিমার বিরুদ্ধে মামলা দায়েরের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি