‘ভোট দেই মেম্বার-চেয়ারম্যান বানাই, তাগো উন্নয়ন হয় কিন্তু রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। আজ বছরখানেক যাবত বিরিজডার বেহাল দশা, আমরাই পাটাতন বিছাইছি। কিন্তু থাকে না। আর কত জোড়া দিবো বিরিজের মইধ্যে। বড়ো যান চলতে পারে না। রাত-বেরাত হেঁটে চলাই দায়।’
ভাঙা ব্রিজটির পাশে দাঁড়িয়ে এমনটাই বলছিলেন মানিকগঞ্জ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ফজর উদ্দিন।
শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কয়রা এলাকায় রূপসা বাজারের পশ্চিমে এলজিইডির নির্মীত এই সেতুটির অবস্থান। শিবালয় উপজেলার আরুয়া, শিমুলিয়া, উথুলী, মহাদেবপুর ইউনিয়ন এবং হরিরামপুর উপজেলার ঝিটকা, বাল্লা, মাচাইন ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার এটিই একমাত্র সড়ক। সেতুটি ভারো থাকায় হাজারো যানবাহন চলাচল করত প্রতিনিয়ত। এই অঞ্চলের ব্যবসায়িক পরিবেশও ছিল বেশ উর্বর। সেতুটির ভাঙনে ক্ষতির মুখে পরেছে এই অঞ্চলের মানুষের। অচিরেই এই সেতুর সংষ্কারের দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিস বলেন, এই ব্রিজ সংস্কারের কায়দা নেই। আমরা প্রাথমিকভাবে পাটাতন বসিয়ে মেরামত করেছিলাম তা থাকে নি। ব্রিজটি নতুন করে করতে হবে। ইতিমধ্যে টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, দ্রুতই কাজ শুরু হয়ে যাবে।
এ বিষয়ে শিবালয় উপজেলা ইঞ্জিনিয়ার মো. ফাহাদ কুদ্দুস বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমাদের হেড অফিস থেকে একটি টিম সরেজমিন পরিদর্শন করেছেন। রাস্তা এবং ব্রিজসহ বিশ্ব ব্যাংকের অর্থায়নে অতিদ্রুত এটির পুণঃনির্মাণ কাজ শুরু করা হবে।
ইত্তেফাক/এসি

