পাবনার সাঁথিয়ায় ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) ধারালো অস্ত্র দিয়ে দু’পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত রবিউল ইসলাম তেতুলিয়া (কারিগর পাড়া) গ্রামে আঃ গফুরের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ৮টায় দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের তেতুলিয়া (কারিগর পাড়া) গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭/৮দিন আগে রবিউল ইসলাম কে বা কারা বেধরক মারপিট করে গুরুতর আহত করে। আহত রবিউল সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নেয়। পরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিতে থাকে। শুক্রবার দিবাগত রাতে দুবৃর্ত্তরা ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউলের ২ পায়ের রগ ও গলা কেটে হত্যা করে বীর দর্পণে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য শনিবার পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, দুবৃর্ত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার কারণ উৎঘাটনসহ দুবৃর্ত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি

