রামগড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১০:০২

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।সোমবার এ ব্যাপারে  থানায় একটি  মামলা হয়েছে। 

পুলিশ জানায়, রবিবার (১ নভেম্বর) রামগড়ের  পাতাছড়া ইউনিয়নের শালদা এলাকার বাসিন্দা জনৈক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে টিপু (২২) নামে এক যুবক বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত টিপু মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের মুসলিমপাড়ার মানিক মিয়ার ছেলে।

ভিকটিমের বাবা অভিযোগ করে বলেন, মোবাইল ফোনে পরিচয় হওয়ার পর ৩-৪ মাস ধরে টিপু তাদের বাড়িতে আসা যাওয়া করতো। বিশেষ করে মা, বাবা বাড়িতে  না থাকলে ঐসময় সে এসে মেয়ের সাথে দেখা করে যেতো। একইভাবে রবিবার (১ নভেম্বর) দুপুরে মেয়েটি  বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে গেলে টিপু কথা আছে বলে তাকে পাশের জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে বিয়ে করার প্রলোভন দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। এসময় মেয়েটির আর্ত চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে টিপু দৌঁড়ে পালিয়ে যায়। 

ভিকটিমের বাবা আরও জানান,  মেয়েটি ৬ষ্ঠ শ্রেণী পাশ  করার পর অভাবের  কারণে মেয়ের লেখা পড়া বন্ধ হয়ে যাওয়ায় এখন  সাংসারিক কাজে সহায়তা করে।

এদিকে, রামগড় থানার ওসি (তদন্ত) মো. মুনির হোসেন বলেন, ভিকটিম ও তার বাবা সোমবার সকালে থানায় এসে অভিযোগ করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের বাবা নিজে এ মামলার বাদী।  

ওসি (তদন্ত) জানান, ভিকটিমকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং ভিকটিম ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

ওসি (তদন্ত) আরও জানান, আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

ইত্তেফাক/কেকে