জুয়েল হত্যায় আরও একজন গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৭:৫৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা তিন মামলায় মো. রাজু (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেফতারের পর বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ পর্যন্ত জুয়েল হত্যায় দায়ের করা তিন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার হওয়া রাজ কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবসে দ্রুত বিচারের দাবি

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে রংপুরের নগরীর বাসিন্দা আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার ছুতোয় পিটিয়ে হত্যার পর মৃতদেহ আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় গত শনিবার নিহতের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এসি