করোনা ভাইরাসের কারণে প্রায় ১০ মাস পেছানোর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ নির্বাচনে সহিংসতা এড়াতে সোমবার থেকেই নগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটেলিয়নের সমন্বয়ে প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বলেন, ‘পরিপত্র জারি হয়েছে। সে হিসেবে তারা আজ নগরীতে টহল শুরু হয়েছে। ভোটের পরদিন পর্যন্ত তারা টহলে থাকবে।’
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতি ওয়ার্ডে এক প্লাটুন করে র্যাব মোতয়েন থাকবে।
রবিবার আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন অনুভব করছে না তারা।
আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত চট্টগ্রাম
চট্টগ্রাম সিটিতে ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। এক জন মেয়রের পাশাপাশি নগরীর ৪১টি সাধারণ ওয়ার্ডের ৪১ জন সাধারণ কাউন্সিলর, ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ৮৮৬টি।
গত ১৪ ডিসেম্বর ইসির সিনিয়র সচিব মো. আলমগীর চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে গত ২৯ মার্চ এই ভোটের লক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তপশিল ঘোষণা করেছিল কমিশন। এর মধ্যে শুরু হয় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। ১২ দিন ধরে প্রার্থীদের প্রচার-প্রচারণার পর করোনা পরিস্থিতি বিবেচনায় ২১ মার্চ ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
