ঠাকুরগাঁওয়ে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুই দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও আসন্ন পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী ময়নুল ইসলাম (৫৫) মারা গেছেন। এতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এবার তিনি উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার বড় ছেলে মো. আজাদ ইসলাম। ময়নুল ইসলাম ওই ওয়ার্ডের শাহপাড়া মহল্লাহর মৃত মনির উদ্দীনের ছেলে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারী রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম জানান, নির্বাচন কমিশনকে মৃত্যুর খবর জানানো হয়েছে। ওই ওয়ার্ডের শুধু মাত্র কাউন্সিলর পদে ভোট বাতিল  করা হয়েছে। পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় নতুন করে প্রসেসিং-এর মধ্য দিয়ে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/জেডএইচ