বগুড়ায় এক কলেজ ছাত্রকে অপহরণের আট ঘন্টা পর উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। গত শনিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, অপহৃত কলেজ ছাত্রের নাম সাকিবুল ইসলাম। সে নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গত শনিবার অপহরণের শিকার হয়। সে থাকতো সেউজগাড়ীর মেসে। সেখান থেকে সে সকালে শহরের সুত্রাপুর মফিজ পাগলার মোড়ের কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়েছিল।
আরো পড়ুন: মেলান্দহে নবা মন্ডলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
কলেজ থেকে ফেরার পথে দুপুর দেড়টার দিকে খান্দার এলাকায় পৌঁছুলে একদল দুর্বৃত্ত তাকে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তারা মোবাইল ফোনে সাকিবুলে বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবির টাকা না দিলে সাকিবুলকে হত্যার হুমকিও প্রদান করে অপহরণকারীরা।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ‘অপহরণের অভিযোগ পাওয়ার পর ভিকটিম উদ্ধারে অভিযানে নামে সদর থানার পুলিশ। অপহরণের আট ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণের সঙ্গে যুক্ত থাকা শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকার আবুল কালামের ছেলে রেজাউল ইসলাম ওরফে রিয়াদ (২৪), মালগ্রাম দক্ষিণ পাড়ার ওয়াদুদ সরকারের ছেলে ওয়াহেদ ফারুকী ওরফে মেঘ (১৯) ও মালগ্রাম চাপড় পাড়ার ইদ্রিসের ছেলে মো. সাজিবকে। এ সময় রানা নামের অপর এক অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/অনি/নূহু

