মঠবাড়িয়ায় কলেজছাত্র খুন, আটক ৫

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৪:৪৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় আল-আমিন (২১) নামের এক কলেজছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে ধানক্ষেত থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে সোমবার পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো-ওই গ্রামের আলম আকনের ছেলে সোহেল (২০), ওয়ারেছ খানের ছেলে আলামিন (২২), আলম ব্যাপারীর ছেলে আরিফ (২১), সেলিম হাওলাদারের ছেলে আরিফ (২০), মৃত গফফার মিয়ার ছেলে হুমায়ুন (২২)। 

খুনের শিকার ওই যুবক উপজেলার উত্তর ভেচকি গ্রামের মুদি মনোহরি ব্যবসায়ী সিদ্দিক আকনের ছেলে। সে পার্শ্ববর্তী থানার বামনা ডৌয়াতলা ওয়াজেদ আলী ডিগ্রি কলেজে পড়াশোনা করে আসছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র আল-আমিন শনিবার দিবাগত রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে রবিবার রাতে বাড়ির পার্শ্ববর্তী গ্রামের একটি ধান ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নিহত আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ধারণা করছে শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

নিহত আলামিনের বাবা সিদ্দিক আকন সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেছেন। 

এ বিষয় মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, নিহত যুবকের বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। খুনের রহস্য উদঘটনের জন্য সম্প্রতি স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ, মাদকসেবন ও নারী সংক্রান্ত বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। 

ইত্তেফাক/এএএম