বেনাপোল স্থলবন্দর

মোবাইল স্ক্যানার মেশিন দেড় বছর ধরে বন্ধ

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১১:২৭

প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দরে বাইপাস সড়কের মোবাইল স্ক্যানার মেশিন। ঠিকাদার প্রতিষ্ঠান ও কাস্টমসের মধ্যে সমঝোতায় না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বন্দর ব্যবহারকারীরা বলছেন, অত্যাধুনিক এ স্ক্যানার মেশিন বন্ধ থাকায় বাড়ছে চোরাচালান।

তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, স্ক্যানিং মেশিন পরিচালনার জন্য অর্থ ও এটি মনিটরিংয়ের জন্য জনবল নেই। জানা যায়, বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন বছর আগে চারটি স্ক্যানার মেশিন বাংলাদেশকে অনুদান হিসেবে দেয় চীন সরকার। ২০১৮ সালে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশ দ্বারে একটি মেশিন বসানো হয়। অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক, মাদক, অস্ত্র শনাক্ত করতে সক্ষম। মেশিনটি ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস বিনা মূল্যে পরিচালনা করেছে ১০ মাস ধরে। পরবর্তী সময়ে বন্দর কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে চুক্তিতে না আসায় বন্ধ হয়ে যায় তার কার্যক্রম।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহাসিন মিলন বলেন, ‘বেনাপোল বন্দরের স্ক্যানিং মেশিন দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। নিরাপত্তার স্বার্থে স্ক্যানিং মেশিনটা পুনরায় চালু করা প্রয়োজন। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘নিরাপদ বাণিজ্যের ক্ষেত্রে স্ক্যানিং মেশিনটি সচল রাখা খুব দরকার। কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা রাখছি।’

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজী বলেন, স্ক্যানিং মেশিনটি সচল থাকলে আমরাও নিরাপদ থাকতে পারি। এ বিষয়ে বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবীর তরফদার বলেন, এই মেশিনটির দায়দায়িত্ব সম্পূর্ণ কাস্টম কর্তৃপক্ষের। আশা করি এটি শিগিগরই চালু করা হবে। ফাইবার অ্যাসোসিয়েটসের পক্ষে প্রকৌশলী শপু বড়ুয়া জানান, ‘কাস্টমস কর্তৃপক্ষ চুক্তিতে না আসায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্ক্যানিং কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। চুক্তি হলে আবার কাজ শুরু করবেন।’

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বলেন, ‘স্ক্যানার পরিচালনার জন্য এখনো সরকারের বাজেট পাওয়া যায়নি। এনবিআর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে চুক্তি হবে। টেন্ডার যাচাই-বাছাই করে এনবিআরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। স্ক্যানিং মেশিন স্বচ্ছ বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ইত্তেফাক/জেডএইচডি