নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ আম ব্যবসায়ী নিহত 

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:১৭

নওগাঁয় মান্দায় সিমেন্ট ও আমবাহী দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৩ জুলাই) ভোররাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

হতাহতরা সবাই আম ব্যবসায়ী। নিহত দুই জনের মধ্যে খলিল প্রামাণিক রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত আলীর ছেলে। অপরজনের নাম শরিফুল ইসলাম জানা গেলেও তার ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।


 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মান্দা উপজেলার ফেরিঘাট থেকে একটি ট্রাকে করে ৭শ বস্তা সিমেন্ট নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জেলার সাপাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিক-আপ যোগে আম নিয়ে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্দার সতীরহাট বাজার এলাকায় মুখোমুখী সংঘর্ষে পিক-আপ দুমড়ে-মুচড়ে যায়। পিক-আপের মধ্যে থাকা আম ব্যবসায়ীদের মধ্যে খলিল ও শরিফুল ঘটনাস্থলেই মারা যান। ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক থানায় নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এসজেড