মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্প্রের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের তিন জন হাসপাতালে রয়েছেন।
পুলিশ শুক্রবার (৬ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের জেলে জামাল চাপরাশীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে জামাল চাপরাশীর বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার মেয়ে সুমি আক্তার ঘরের মধ্যে চোরের উপস্থিতি টের পান। এক পর্যায়ে দেখেন তার পরিবারের কেউ সাড়া দিচ্ছে না। কিছুটা কম বিষাক্রান্ত হওয়ায় সুমি আক্তার রাতেই প্রতিবেশীদের ডাকেন। এ সময় প্রতিবেশীরা এসে জামাল চাপরাশী, তার স্ত্রী মালেকা বেগম ও পুত্রবধূ রুমি বেগমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। চোরেরা ঐ বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমএএম

