নেত্রকোনার পূর্বধলায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।
আহতরা এমদাদুল (৩৬), মমতা বেগম (৫৫), মিলন মিয়া (৪০), লিটন মিয়া (৪৮) ও মানিক মিয়া (৩৫)। এদের মধ্যে গুরুতর আহত এমদাদুল ও মমতা বেগমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহুলী গ্রামের আমিরুল হকের ছেলে গণি মিয়া ও গণি মিয়ার ভগ্নিপতি একই গ্রামের জামাল মিয়ার সঙ্গে পাশের বাড়ির ইয়াকুব আলীর ছেলে ছালামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। রাতে আবার দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শনিবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি

