ধামইরহাটে শ্বাসরোধ করে বৃদ্ধকে হত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১

নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবেজ উদ্দিন (৭০)। তিনি উপজেলার আমাইতাড়া বাজারে নজিপুর সড়কের পাশে হাসনাত চাউল কলের কেয়ারটেকার ছিলেন। তিনি উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত চকবদন গ্রামের মৃত জবির উদ্দিনের ছেলে।

দুর্বৃত্তের দল আবেজউদ্দিনকে হত্যার পর চাউল কলের অফিস ঘরের আলমারি ভেঙ্গে মূল্যবান দলিলপত্র ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আবেজ উদ্দিনকে (৭০) নিজ বিছানায় পড়ে থাকতে দেখে এক ব্যক্তি ওই মিলের মালিক খালেকুজ্জামানকে খবর দেয়।

এ ব্যাপারে মিল মালিক খালেকুজ্জামান (জামাল) জানান, তার এক আত্মীয় ভ্যানগাড়ি রাখার জন্য রাত সাড়ে ৯টায় দিকে মিলে যায়। মিলের কেয়ারটেকার আবেজ উদ্দিন এ সময় মিলের গদিঘরের সামনে বারান্দায় নিজ চৌকিতে উপুর হয়ে শুয়ে ছিলেন। তাকে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে ওই আত্মীয় মুঠোফোনে বিষয়টি তাকে জানান। খালেকুজ্জামান নিজ বাড়ি বীরগ্রাম থেকে ঘটনাস্থলে এসে তখনই পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলামসহ পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। 

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ও মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বৃদ্ধকের শ্বাসরোধ করে হত্যা করেছে।’

আরও পড়ুনঃ চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ইত্তেফাক/নূহু