কুমিল্লায় আরও একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর ঝাউতলা এলাকার চৌধুরী ম্যানশন নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলার একটি কক্ষে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কক্ষের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে ও ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ভবনে থাকা লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, বিকাল সোয়া ৪টার দিকে নগরীর ঝাউতলা এলাকার চৌধুরী ম্যানশন নামের একটি ভবনের ৪র্থ তলার একটি কক্ষে আগুন লাগে। ওই কক্ষটিতে একই ভবনের নীচতলা ভাড়া নেওয়া কুইন্স বিউটি পার্লারের লোকজন থাকতো। ওই কক্ষে পার্লারের বিভিন্ন সামগ্রী রাখা হতো।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। আগুনে ওই কক্ষে থাকা আসবাবপত্র ও পার্লারের মালামাল পুড়ে গিয়েছে।’
আরও পড়ুনঃ লক্ষ্মীছড়িতে ট্রাক্টর উল্টে নিহত ২
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে একই এলাকার মুন হসপিটাল নামের একটি প্রাইভেট হাসপাতালের ৯ম তলার প্যাথলজি বিভাগের একটি কক্ষে আগুন লাগে। সে আগুনে একজন স্টাফের দেহ পুড়ে ৫০ ভাগ দগ্ধ হয়। এ ঘটনার আতংকে সিঁড়ি বেয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়।
ইত্তেফাক/নূহু

