ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী নিহত পলাশ আহমেদ নায়িকা সিমলাকে বিয়ে করার আগে আরও এক বিয়ে করেছিলেন। ওই সংসারে আয়ান নামের আড়াইবছর বয়সী এক সন্তানও রয়েছে তার।
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাবা-মায়ের অমতে মেঘলাকে বিয়ে করেছিলেন তিনি। তবে পলাশের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে সেই সংসার টিকেনি।
পরিবার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২০১৪ সালে বগুড়া সদর উপজেলার সাতমাথা ভাইপাগলা মাজার এলাকার মেঘলা নামের এক তরুণীকে বিয়ে করেন পলাশ। মেঘলা বগুড়ার স্থানীয় নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপালের মেয়ে। পলাশের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে প্রায় দেড় বছর আগে তাকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি বগুড়া চলে যান মেঘলা।
পলাশের বাবা পিয়ার জাহান বলেন, ‘২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে চিত্রনায়িকা সিমলাকে রাতের বেলা বাড়িতে নিয়ে আসে পলাশ। মেয়েটিকে চিত্রনায়িকা ও তার প্রেমিকা বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দুই মাস পর আবার সিমলাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করা স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। বিয়ের কথা সিমলাও আমাদের কাছে স্বীকার করে। ওই রাতেই তারা আবার ঢাকায় চলে যায়। আমরা সিমলাকে বোঝানোর চেষ্টা করেছি, তাকে বলেছি– আমার ছেলেকে যেন ভালো পথে ফিরিয়ে আনে। ছোটবেলা থেকেই ছেলেটি অবাধ্য ছিল।’
আরও পড়ুন: ৩২ ঘণ্টা পর দুবাইয়ের পথে সেই বিমানের যাত্রীরা
প্রসঙ্গত, বিজি-১৪৭ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকাল ৫টার দিকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এতে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।
ইত্তেফাক/কেকে

