জয়পুরহাটের চাঞ্চল্যকর গোলাম রব্বানী হত্যা মামরার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মানের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, জয়পুরহাটের জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন সোমবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এই কারাদণ্ড ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের দিলদার হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৪০) ও সিদ্দিক হোসেন (৫০)।
উল্লেখ্য, হিন্দাগ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ভটভটি চালক গোলাম রব্বানীকে (৩২) ২০১৩ সালের ৭ জুলাই গলা কেটে হত্যা করে সাজাপ্রাপ্তরা। পরে স্থানীয় সুনির পুকুর পাড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রব্বানীর পিতা মোফাজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ওই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করলেও সাজাপ্রাপ্ত তিনজন খুনের সঙ্গে জড়িত মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ শুনানীতে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুনঃ মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে ৫ জনকে বেকসুর খালাশ প্রদানের আদেশ দেওয়া হয়। সরকার পক্ষে ছিলেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি এবং আসামি পক্ষে ছিলেন এ্যাড. আবু ইউসুফ মো. খলিলুর রহমান।
ইত্তেফাক/নূহু

