জয়পুরহাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক বৃদ্ধ খুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪

জয়পুরহাটে ৬৫ বছর বয়সের এক বৃদ্ধকে অনৈতিক সম্পর্কের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভুটিয়াপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের নাম নবিবুর রহমান। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার পরিদর্শক ( তদন্ত) মমিনুল হক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ‘রবিবার রাত ১২টার সময় নবিবুর রহমান (৬৫) নামুজা গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোরশেকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোরশেকের দুই ছেলে রাসেল (৩৫) ও আজম (৩০) এবং প্রতিবেশি সোহাগ (৩৫) নবিবুরের উপর ঝাঁপিয়ে পড়ে লোহার রড ও লাঠি দিয়ে বেদম পিটিয়ে ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত নবিবুরকে জেলা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নবিবুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। নবিবুরের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। 

এ ঘটনায় নিহতের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জয়পুরহাট থানায় সোমবার একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। রাসেল ও আজম তাদের মা ফুমনির সঙ্গে নবিবুর রহমানের অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন।

আরও পড়ুনঃ খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলায় চার্জ গঠনের তারিখ ফের পিছিয়ে ৩১ মার্চ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুনের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

ইত্তেফাক/নূহু