ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এই যৌথ অনুশীলন শুরু হয়েছে গত শনিবার থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০জন সেনা কর্মকর্তাসহ ১৭০জনের একটি করে দল অংশ নিচ্ছেন। এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য: সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি থেকে সম্প্রীতির উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজিৎ সিং সানধু।
সন্ত্রাস দমন ও প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন সম্প্রীতি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এক বছর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে আগমন করেছে। যৌথ অনুশীলন ‘সম্প্রীতির’ মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

