শরণখোলায় এক রাতে আট বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চেতনানাশক স্প্রে ও সিঁদ কেটে চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চেতনানাশক স্প্রেতে অজ্ঞান স্বামী-স্ত্রী দুজনকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, চোরেরা সিঁদ কেটে শহিদুল হাওলাদারের ঘর থেকে একটি স্বর্ণের আংটি, একটি চেইন, চারটি মোবাইল, ২৮ হাজার টাকা, কামরুল সেপাইর ঘর থেকে স্বর্ণের পাঁচটি আংটি, চেইন একটি, ১০হাজার টাকা, আশরাফ আলী হাওলাদারের ঘর থেকে দুটি মোবাইল ফোন সেট, দুই হাজার টাকা এবং মোজাম্মেল হাওলাদারের ঘর থেকে একটি মোবাইল ফোন সেট, ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
একই গ্রামের শহিদুল সেপাইর বাড়িতে চোরেরা চেতনানাশক স্প্রে করে ঘরে ঢুকে ৫২ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের আংটি ও একটি চেইন নিয়ে যায়। অচেতন অবস্থায় গৃহকর্তা ও তার স্ত্রী এলাচি বেগমকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদুল সেপাইর মেয়ে সুমা জানান, তার মা এলাচি বেগমকে সকালে বসত ঘরের অদূরে পুকুর পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া, মোস্তফা দর্জি, এমাদুল হাওলাদার ও মিজান মহুরীর বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢুকলেও লোকজন টের পাওয়ায় চোরেরা কিছু নিতে পারেনি।
আরও পড়ুনঃ আশুলিয়ায় ডাইং কারখানার গরম পানিতে ঝলসে গেলো ৫ শ্রমিক
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে বিষয়টির তদন্ত চলছে।
ইত্তেফাক/নূহু

