কুমিল্লার চান্দিনায় বাস চাপায় মো. তুহিন আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় তারেকুর রহমান নামে আরেক পরীক্ষার্থী।
নিহত তুহিন কুমিল্লার সদর উপজেলার আমতলী গ্রামের মমিন মিয়ার ছেলে। আহত তারেকুল একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা উভয় কুমিল্লা আমতলী এলাকার আলেকজান মেমোরিয়াল হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. মহসিন জানান, তারা উভয়ে মোটরসাইকেলযোগে আমতলী থেকে চান্দিনায় আসছিল। তারা কাঠেরপুল হাইওয়ে পুলিশের ডাম্পিং গ্রাউন্ডের সামনে আসার পর ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তারেকুল ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায়। চালক তুহিন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুনঃ আলমডাঙ্গায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক
হাইওয়ে পুলিশ ময়নামতি থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আজম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তারেকুল সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু

