গফরগাঁওয়ে ট্রাক্টর আর অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৮:৩৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টরের সঙ্গে ইঞ্জিনচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অটোরিক্সার ডাইভার ও ৫ বছর বয়সী এক শিশু। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার পাকাটি-বখুড়া সড়কের পাকাটি স’মিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ছেড়ে আসা বখুড়া বাজারগামী একটি ইঞ্জিনচালিত একটি অটোরিক্সা স’মিলের মোড় পার হতেই বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে উল্টে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান অট্রোরিক্সার যাত্রী বখুরা বাজারের মনিহারী ব্যবসায়ী মুকবুল হোসেন (৪৫)। গুরুতর আহত অটো রিকশা চালক সজিব (১৮) ও নিহত মুকবুল হোসেনের নাতি তানিয়াকে (৫ ) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ হাসিনা-মোদির ভিডিও কনফারেন্সে দেওয়ানগঞ্জ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। ট্রাক্টর চালক বাপ্পী (২০) পালিয়ে গেছে। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু