নান্দাইল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র গফরগাঁওয়ে উদ্ধার

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:৪৫

নান্দাইল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র মোঃ উমর ফারুককে রবিবার সকাল সাড়ে দশটায় রাজধানীগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেন থেকে যাত্রীরা উদ্ধার করেছে। তাকে গফরগাঁও রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মুসলি ইউনিয়নের কামালপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোঃ উমর ফারুক (১২) আলালপুর কওমী মাদ্রাসার নাজেরা বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে গত শনিবার বিকালে মাদ্রাসা থেকে বের হয়ে পথ ভুলে গৌরিপুর চলে যায়। বিকালে দূর্গাপুর উপজেলায় ঠাকুরবাড়ী কান্দা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে রুকুন উদ্দিন (৪৮) ঢাকায় একটি ফ্যাক্টরিতে তাকে কাজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে গৌরিপুর রেলস্টেশনে নিয়ে আসে।

অপহৃত ছাত্র উমর ফারুক বলে, ‘এই অপরিচিত লোকটি রাতে আমাকে কিছু খাওয়ানোর পর থেকে আমি কিছু বলতে পারছিলাম না। রবিবার ময়মনসিংহ থেকে ট্রেনে উঠি আমরা।’

কয়েকজন যাত্রী জানায়, ট্রেনটি ছাড়ার পর থেকে ছেলেটি কান্না করছিলো। তার কান্নাকাটিতে তাদের সন্দেহ হয়। সকাল সাড়ে ১০টায় ব্র‏হ্মপুত্র ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি করলে ট্রেন যাত্রীরা অপহৃত শিশুসহ অপহরণকারীকে গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল হাসেম বলেন, ‘যাত্রীদের সন্দেহ হওয়ায় অপহরণকারী রুকুন উদ্দিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ময়মনসিংহ জিআরপি থানাতে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুনঃ কালিয়ায় ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

ময়মনসিংহ জিআরপি থানার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ‘অপহরণকারীকে ময়মনসিংহ জিআরপি থানায় আটক রাখা হয়েছে। অপহৃত শিশুটিও জিআরপি থানা হেফাজতে আছে। শিশুটির আত্মীয়স্বজন বা পরিবারের লোকদের সংবাদ দেওয়ার চেষ্টা করছি।’

ইত্তেফাক/নূহু