লোহাগাড়ার স্থগিত ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:১০

স্থগিত ঘোষিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৩১ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোছাইন খান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা যায়, মাননীয় আপিল বিভাগের এক আদেশে বাংলাদেশ নির্বাচন কমিশন লোহাগাড়া উপজেলা পরিষদের ২৪ মার্চের নির্বাচন স্থগিত রাখে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত ২২ মার্চের পত্রে বিষয়টি জানানো হয়।

লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার থেকে এই ১২ জন প্রার্থীর প্রচার-প্রচারণা আবার জমে উঠেছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস), এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াত-কলম) ও মাহমুদুল হক পেয়ারু (মোটর সাইকেল)।

আরও পড়ুনঃ এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, দুজনেই আওয়ামী লীগ নেতা

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে এম. ইব্রাহীম কবির (টিউবওয়েল), মো. আরমান বাবু (তালা), মোহাম্মদ মিজানুর রহমান (মাইক), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার (কলসি), আবদুল জব্বারের স্ত্রী জেসমিন আক্তার (ফুটবল), শাহীন আক্তার (হাঁস) ও পারভিন আক্তার (প্রজাপতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/নূহু